ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমানকে উদ্ধৃত করে ‘ভোট ও জরিপ’ সংক্রান্ত বিষয়ে যমুনা টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন যে জোট হয়েছে, তাতে না থাকার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই প্রেক্ষিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমানকে উদ্ধৃত করে ‘জরিপ বলছে জোট থেকে বের হলে আমরা ভোট পাবনা এই জরিপ আসলে সঠিক নয়’ শীর্ষক তথ্যে বা শিরোনামে যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন: এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জরিপ বলছে জোট থেকে বের হলে আমরা ভোট পাবনা এই জরিপ আসলে সঠিক নয়’ শিরোনামে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিবের বক্তব্য দাবিতে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো রয়েছে। তবে, এটি প্রকাশের তারিখ উল্লেখ পাওয়া যায়নি।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজ পর্যবেক্ষণে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, যমুনা টিভির ফেসবুক পেজে ১৬ জানুয়ারি বিকেলে ”ইসলামের পথ থেকে সরে গেছে জামায়াত তাই ইসলামী আন্দোলনও জোট থেকে বেরিয়ে গেছে” শিরোনামে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের বক্তব্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। যমুনা টিভির মূল ফটোকার্ডটিতে ‘ইসলামের পথ থেকে সরে গেছে জামায়াত, তাই ইসলামী আন্দোলনও জোট থেকে বেরিয়ে গেছে’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘জরিপ বলছে জোট থেকে বের হলে আমরা ভোট পাবনা এই জরিপ আসলে সঠিক নয়’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, যমুনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত যমুনা টিভির ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, “জামায়াতে ইসলামী ইসলামের পথ থেকে সরে যাওয়ায় ইসলামী আন্দোলন এই ঐক্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।” পাশাপাশি তিনি আরো বলেন, “খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে বৈঠকে দলটি প্রচলিত আইনে দেশ পরিচালনা করার ওয়াদা করেছেন। তবে শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনার উদ্দেশ্যেই ইসলামী আন্দোলন কাজ করছে। ফলে এটা আমাদের সাথে সাংঘর্ষিক।”

সুতরাং, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমানকে উদ্ধৃত করে ‘জরিপ বলছে জোট থেকে বের হলে আমরা ভোট পাবনা এই জরিপ আসলে সঠিক নয়’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: