‘বরিশালে মেয়র হতে না পারলে রাজনীতি ছেড়ে দিবো’ বলে সৈয়দ ফয়জুল করিম কোনো মন্তব্য করেননি

সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম “বরিশালে যদি বিপুল ভোটে মেয়র হতে না পারি রাজনীতি ছেরে দিবো লিখে রাখেন” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ফয়জুল করিমের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “বরিশালে যদি বিপুল ভোটে মেয়র হতে না পারি রাজনীতি ছেরে দিবো লিখে রাখেন” বলে ফয়জুল করিম কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এ সংক্রান্ত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে 420 channel নামের একটি ফেসবুক পেজে গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির সন্ধান মেলে। তবে পোস্টে এ বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি৷ ‘420 channel’ পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে,মুফতি ফয়জুল করিম এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ফয়জুল করিম ‘বরিশালে যদি বিপুল ভোটে মেয়র হতে না পারি রাজনীতি ছেরে দিবো লিখে রাখেন’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Mufti Syed Fayzul Karim: Facebook
- Rumor Scanner’s analysis

