‘গ্রামের মানুষ নদীর মাছ ধরে পরিবেশের ক্ষতি করে’ শীর্ষক মন্তব্য করেননি রিজওয়ানা হাসান

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে সৈয়দা রিজওয়ানা বলেছেন, ‘গ্রামের বেকার লোকজন নদীর মাছ ধরে পরিবেশের ক্ষতি করে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘গ্রামের বেকার লোকজন নদীর মাছ ধরে পরিবেশের ক্ষতি করে’ শীর্ষক মন্তব্য করেননি সৈয়দা রিজওয়ানা হাসান। প্রকৃতপক্ষে, একটি সার্কাজম পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, দেশীয় সংবাদমাধ্যম ‘সময় টিভি’-এর লোগোর আদলে তৈরি ‘Gorom TV’ নামের একটি ফেসবুক পেজে গত ৪ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়।
‘Gorom TV’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘পেজের সমস্ত খবর ব্যঙ্গ ও বিনোদনের জন্য তৈরি। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।’
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, সৈয়দা রিজওয়ানা হাসান ‘গ্রামের বেকার লোকজন নদীর মাছ ধরে পরিবেশের ক্ষতি করে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gorom TV – Facebook Post
- Rumor Scanner’s Analysis

