হাদির মৃত্যুকে কেন্দ্র করে উপদেষ্টা রিজওয়ানার জামায়াতকে নিয়ে মন্তব্য শীর্ষক ভুয়া দাবি

গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জামায়াত গোলাপ পানিতে মাছ শিকার করতে চায়’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটিতে প্রায় ৩ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ‘ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জামায়াত গোলাপ পানিতে মাছ শিকার করতে চায়’ শীর্ষক মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ওসমান হাদির বিষয়ে জামায়াতে ইসলামীকে নিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের করা নেতিবাচক মন্তব্য দাবিতে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো। কিন্তু অনুসন্ধানে ওসমান হাদির বিষয়ে জামায়াতকে নিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কোনোরকমের প্রকাশ্য নেতিবাচক মন্তব্যই করতে দেখা যায়নি।

ওসমান হাদির বিষয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, গত ১৯ ডিসেম্বরে ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক শোকবার্তায় বলেন হাদির মর্মান্তিক মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি। এছাড়াও, গত ২৭ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে এসে অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচার সম্পন্ন করা হবে বলে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আশ্বাস দিয়েছেন বলে জানা যায়। তবে কোথাও তাকে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি।

সুতরাং, জামায়াতের সমালোচনা করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ‘ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জামায়াত গোলাপ পানিতে মাছ শিকার করতে চায়’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: