ইরানে সামরিক কুচকাওয়াজের দৃশ্য দাবিতে সিরিয়ার পুরোনো ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলিটারি প্যারেডের একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইরান 💪’।

এর মাধ্যমে দাবি করা হচ্ছে, এটি সাম্প্রতিক সংঘাতের মধ্যে ইরানে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজের দৃশ্য।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ইরানে সামরিক কুচকাওয়াজের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি গত জানুয়ারিতে সিরিয়ায় ধারণকৃত একটি ভিডিও, যা আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে তুর্কি সংবাদমাধ্যম ‘SİYAH SANCAK’ এর এক্স অ্যাকাউন্টে গত ৯ জানুয়ারিতে প্রচারিত একটি এক্স ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওর বিষয়ে ক্যাপশনে বলা হয়, ‘এসডিজি সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা আশরাফিয়াহ এলাকায় সিরীয় সেনাবাহিনী একটি সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে।’ (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)

এছাড়াও, অনুসন্ধানে তুর্কি সাংবাদিক ‘Zeki Bahçe’ এর এক্স অ্যাকাউন্টে আলোচিত ভিডিওটি গত ৯ জানুয়ারিতে প্রচার হতে দেখা যায়৷ তাতেও ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা আশরাফিয়াহ মহল্লায় সিরীয় সেনাবাহিনী একটি সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে।’ (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)

তাছাড়া, গত জানুয়ারির প্রথমার্ধে আরো একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকেও আলোচিত ভিডিওটি প্রচার হতে দেখা যায় যাতে ভিডিওটি সিরিয়ার আশরাফিয়াহ এলাকার বলা হয়। পাশাপাশি, ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে সামরিক সদস্যদের পাশে এক ব্যক্তির হাতে সিরিয়ার পতাকাও দেখা যায়।

উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ইরানের নয় বরং, সিরিয়ার।

সুতরাং, গত জানুয়ারিতে সিরিয়ায় ধারণকৃত ভিডিওকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে ইরানে সামরিক কুচকাওয়াজের দৃশ্যের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • SİYAH SANCAK – X Post
  • Zeki Bahçe – X Post
  • Rumor Scanner’s analysis
Share: