গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদি ও তার ছেলের শেষ সাক্ষাৎ দাবি করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক শিশুকে একটি মরদেহের সামনে ঝুঁকে ‘বাবা… বাবা’ বলতে শোনা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মের পোস্ট দেখুন: ইন্সটাগ্রাম, টিকটক, ইউটিউব।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আলোচিত ভিডিওটি ওসমান হাদি ও তার ছেলের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি সিরিয়ার এক শিশুর।
এ বিষয়ে অনুসন্ধানে দুবাইভিত্তিক গণমাধ্যম আল মাশহাদ-এর ইউটিউব চ্যানেলে গত ১৭ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত ভিডিওর বিবরণীতে উল্লেখ করা হয়, এটি সিরিয়ায় আইএস-এর হামলায় নিহত এক বাবাকে তার সন্তানের হৃদয়বিদারক বিদায় জানানোর দৃশ্য।
পাশাপাশি, ‘Al-Estiklal English’ নামক একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ১৭ ডিসেম্বর ভিডিওটি পোস্ট করে জানানো হয়, ইদলিবের মারেত আল-নুমানে সশস্ত্র হামলায় নিহত বাবাকে শেষ বিদায় জানাচ্ছে এক কন্যাশিশু।

একই তথ্য উল্লেখ করে অন্তত ১৭ ডিসেম্বর থেকে ভিডিওটি বিভিন্ন সামাজিক মাধ্যমে (১,২,৩) প্রচারিত হচ্ছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৪ ডিসেম্বর সিরিয়ার দক্ষিণ ইদলিবের গ্রামাঞ্চলে একটি নিরাপত্তা টহল দলের ওপর সশস্ত্র হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, মারেত আল-নুমান শহরে একটি নিরাপত্তা টহল দলের ওপর গুলি চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে।
পরবর্তীতে সৌদি মালিকানাধীন বিভিন্ন গণমাধ্যম আল আরাবিয়ায় গত ১৫ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, এই হামলার দায় স্বীকার করেছে আইএস।
সময়কাল বিশ্লেষণে দেখা যায়, আলোচিত ভিডিওটি গত ১৭ নভেম্বর থেকেই ইন্টারনেটে বিদ্যমান রয়েছে। অন্যদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন ১৮ ডিসেম্বর। অর্থাৎ, হাদির মৃত্যুর আগে থেকেই এই ভিডিওটি ইন্টারনেটে ছিল।
সুতরাং, সিরিয়ার একটি ভিন্ন ঘটনার ভিডিওকে শরিফ ওসমান হাদি ও তার সন্তানের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Al Mashhad: YouTube Video
- Al-Estiklal English: X Post
- Anadolu Agency: 4 Syrian security members killed in armed attack in Idlib


