ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর ছবি দাবিতে প্রচারিত এই ছবিটি সম্পাদিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি অপর আরেকজনের পায়ের সামনে সেজদা বা মাথা নত করে আছেন এবং পাশেই ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরী বসে আছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির আসল বা মূল ছবিতে তাহেরী ছিলেন না বরং ছবিটিতে থাকা ভিন্ন একজন ব্যক্তির স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তাহেরীর ছবি যুক্ত করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোতে সংযুক্ত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবিটিতে “@Md Rihan Edit Man” নামে একটি জলছাপ লক্ষ্য করা যায়। এরই সূত্র ধরে অনুসন্ধান করলে উক্ত নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায়। উক্ত অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে গত ১৩ সেপ্টেম্বর “স্বাধীন দেশে,এসব বন্ধ করা হোক | আপনি কি একমত।” ক্যাপশনে প্রচারিত ছবিটির সূত্রপাত বা উক্ত দাবিতে প্রচারিত মূল ছবিটি পাওয়া যায়। কিন্তু, ছবিটির উৎস কিংবা ছবি সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ উল্লেখ করা হয়নি। উক্ত অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে এমন বেশ কিছু সম্পাদিত ছবি পোস্ট হতে দেখা যায়।

অধিকতর অনুসন্ধানে মূল ছবিটি গত ৩১ আগস্ট আলোর পথে নামক একটি ফেসবুক গ্রুপে Saleh M. Unaeis নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে “এদের কী করা উচিত?” ক্যাপশনে পোস্ট হতে দেখা যায়। এটিই সম্ভাব্য প্রথম পোস্ট বলে প্রতীয়মান হচ্ছে। উক্ত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল পাওয়া যায় কেবলমাত্র তাহেরীর ছবিটি ব্যতীত। তাহেরীর জায়গায় ভিন্ন একজন ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। তবে ছবিটির মূল উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, মূল ছবিটি নারায়ণগঞ্জ বন্দরের কাদরিয়া ভান্ডার বাবা সিরাজ শাহ এর আস্তানা দরবার শরীফে ধারণ করা হয়েছিল যা কাদরিয়া ভান্ডার বাবা সিরাজ শাহ’র আস্তানা নামের একটি ফেসবুক পেজে প্রচারিত উক্ত দরবার শরীফে ধারণকৃত একাধিক ভিডিও এর ব্যাকগ্রাউন্ডের সাথে তুলনা করলে নিশ্চিত হওয়া যায়।

অধিকন্তু, দাবিকৃত উক্ত দরবার শরীফে তাহেরীর বসার ছবিটি সম্পাদিত হলেও অনুসন্ধানে টিকটকফেসবুকের একাধিক ভিডিওতে, উক্ত মাজারে গিয়াস উদ্দিন তাহেরী পূর্বে ওয়াজ বা ধর্মীয় বক্তব্য প্রদান করেছিলেন বলে জানা যায়।

সুতরাং, মাজারে শিরক সমর্থন করছেন দাবিতে ইসলামিক বক্তা তাহেরীর প্রচারিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: