দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তাহরিমা জান্নাত সুরভীর নামে ভুয়া মন্তব্য প্রচার

মিরপুরের পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ড ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী ‘আগে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতাম না। এখন দেশ শতভাগ নিরাপদ। ১-২টা ধ/র্ষণের ঘটনা সব দেশেই ঘটে, এটা নিয়ে অতিরিক্ত হা-হুতাশের কিছু দেখি না।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তাহরিমা জান্নাত সুরভী আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি। এছাড়া, তাহরিমা জান্নাত সুরভীর ফেসবুক পেজ পর্যালোচনাতেও এ ধরনের কোনো মন্তব্যের সন্ধান পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘Daily Mollar Desh’ নামের একটি ফেসবুক পেজে গত ২৩ মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘Daily Mollar Desh’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তাহরিমা জান্নাত সুরভীর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Daily Mollar Desh – Facebook Post

