ফিলিপাইনে সম্প্রতি হওয়া ভূমিকম্পের দৃশ্য দাবিতে তাইওয়ান ও তুরস্কের পুরোনো দৃশ্য প্রচার

গত ৮ জুন ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরই প্রেক্ষিতে দেশিয় নানা গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে যার মধ্যে কতিপয় গণমাধ্যমে ফিলিপাইনের ভূমিকম্পের দৃশ্য দাবিতে দুইটি দৃশ্যও সংযুক্ত করা হয়েছে। একটি দৃশ্যে দেখা যায় বহুতল একটি ভবন ধসে পড়েছে এবং অপর দৃশ্যে দেখা যায় একটি সুইমিংপুলের পানি উপচে পড়ছে।

এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট : এনটিভি, বিবিএম নিউজ।
এরূপ দাবিতে গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দৃশ্যগুলো সম্প্রতি ফিলিপাইনে হওয়া ভূমিকম্পের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে বহুতল ভবন ধসের দৃশ্যটি ২০২৪ সালের ৩ এপ্রিলে তাইওয়ানে হওয়া ভূমিকম্পের এবং সুইমিংপুলের দৃশ্যটি ২০২৫ সালের ২৭ অক্টোবরে তুরস্কে হওয়া ভূমিকম্পের ঘটনার।
আলোচিত দাবিতে প্রচারিত বহুতল ভবন ধসের দৃশ্যের বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘এসোসিয়েটেড প্রেস (এপি) নিউজ’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৪ এপ্রিলে সেসময়ে তাইওয়ানে হওয়া ভূমিকম্প সম্পর্কে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে ২০টি ছবি ও ভিডিওর সংযুক্তি পাওয়া যায় যার ৮ম ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের মিল পাওয়া যায়।

দৃশ্যটির বিষয়ে এপি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘টিভিবিএস (TVBS)-এর প্রচারিত ভিডিও ফুটেজ থেকে নেওয়া এই ছবিতে, ২০২৪ সালের ৩ এপ্রিল বুধবার পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েনে একটি আংশিক ভেঙে পড়া ভবন দেখা যাচ্ছে। বুধবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প পুরো তাইওয়ান দ্বীপকে কাঁপিয়ে দেয়, যার ফলে একটি শহরের বেশ কিছু ভবন ধসে পড়ে এবং একটি সুনামির সৃষ্টি হয় যা জাপানি দ্বীপগুলোর উপকূলে আছড়ে পড়ে।’ (অনূদিত)
এছাড়াও, তাইওয়ান ভিত্তিক সংবাদমাধ্যম ‘টিভিবিএস‘, সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম ‘আরব নিউজ’সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচিত দৃশ্য তাইওয়ানে ৭.২ মাত্রার ভূমিকম্পের দাবিতে ২০২৪ সালের এপ্রিলে প্রচার হতে দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত বহুতল ভবন ধসের দৃশ্যটি ২০২৪ সালের ৩ এপ্রিলে তাইওয়ানের।
পরবর্তীতে সুইমিংপুলে পানি উপচে পড়ার দৃশ্যের বিষয়ে অনুসন্ধানে ইতালি ভিত্তিক সংবাদমাধ্যম ‘TgCom24′ এর ওয়েবসাইটে ২০২৫ সালের ২৮ অক্টোবরে প্রচারিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে একটি ভিডিরও সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের মিল পাওয়া যায়।

আলোচিত দৃশ্যের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ‘তুরস্কে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল সিন্দিরগি থেকে ৮ কিলোমিটার এবং আঞ্চলিক রাজধানী বালিকেসির থেকে ৫৯ কিলোমিটার দূরে।.. ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, ভূমিকম্পের মুহূর্তে পশ্চিম তুরস্কের মানিসা প্রদেশের আখিসার-এর একটি ব্যক্তিগত সুইমিংপুলের পানি উপচে পড়ছে। ভিডিওটি প্রকাশ করেছেন ওগুজ ইয়ুরতসেভেন।’ (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)
পাশাপাশি, প্রতিবেদনে সংযুক্ত ভিডিওটি পর্যবেক্ষণে তারিখ হিসেবে সিসি ক্যামেরায় ২০২৫ সালের ২৭ অক্টোবরের উল্লেখ পাওয়া যায়।
এছাড়াও, অনুসন্ধানে ইতালিয়ান আরেক গণমাধ্যম ‘রাই নিউজ’ এর ওয়েবসাইটে ২০২৫ সালের ২৮ অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে তুরস্কের ভূমিকম্পের দৃশ্য দাবিতে আলোচিত ভিডিওটি পাওয়া যায়।
উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে নিশ্চিত হওয়া যায় যে সুইমিংপুলের পানি উপচে পড়ার দৃশ্যটিও সম্প্রতি ফিলিপাইনের ভূমিকম্পের ঘটনার নয়।
সুতরাং, তাইওয়ান ও তুরস্কের পুরোনো ভিডিও সম্প্রতি ফিলিপাইনের ভূমিকম্পের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- AP News – Strongest earthquake in 25 years rocks Taiwan, killing 9 people and trapping 70 workers in quarries
- TVBS World Taiwan – X Post
- Arab News – Taiwan’s strongest earthquake in 25 years kills 9 people, 50 missing
- DW – Taiwan: Hundreds injured in ‘strongest quake in 25 years’
- TgCom24 – Il momento del terremoto in Turchia: l’acqua trabocca dalla piscina
- Rai News – La forte scossa di terremoto in Turchia fa traboccare l’acqua dalla piscina

