তাজউদ্দীন আহমদের ভাস্কর্যে মালা অর্পণের পুরোনো ভিডিও শেখ মুজিবুর রহমানের দাবিতে প্রচার

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে অসংখ্য ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য, ম্যুরাল ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর, অগ্নিসংযোগ ও উপড়ে ফেলার ঘটনা ঘটে। এসবের বেশিরভাগই ছিল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপনা।
এই প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ছাত্ররা শেখ মুজিবুরের মূর্তিকে ফুলের মালা দিচ্ছে’ শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওর ভয়েসওভারে বলা হয়, “দেখেন, এক সময় এই শেখ মুজিবুরের মূর্তিকে ছাত্ররা জুতার মালা পরায়ছিল। আজকে দেখেন, সেই ছাত্ররাই শেখ মুজিবের মূর্তিকে ফুলের মালা পরাচ্ছে।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ছাত্রদের ফুলের মালা অর্পণের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের ৫ আগস্টের পর গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ভাস্কর্যে মালা অর্পণের একটি পুরোনো ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Jahidul Islam Babul’ নামের একটি ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ৬ আগস্ট প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওর উল্লেখযোগ্য মিল রয়েছে। ভিডিওর শিরোনাম অনুযায়ী, এটি দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ভাস্কর্যে মালা অর্পণের দৃশ্য।

এছাড়া, ২০২৫ সালের ১৩ আগস্ট বাংলানিউজ২৪-এ প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজীপুরের কাপাসিয়ায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে একটি ব্যতিক্রমী চিত্র দেখা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর হলেও শহীদ তাজউদ্দীন আহমদের ভাস্কর্য রক্ষা করা হয় এবং সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
গুগল ম্যাপে থাকা গাজীপুরের কাপাসিয়া উপজেলার তাজউদ্দীন আহমদ চত্বরের স্থাপনার সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা ভাস্কর্যের মিলও পাওয়া যায়।
সুতরাং, তাজউদ্দীন আহমদের ভাস্কর্যে মালা অর্পণের পুরোনো ভিডিওকে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা জানানোর দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jahidul Islam Babul – Facebook Post
- Banglanews24 – মুজিবের মূর্তি ভাঙার কালে তাজউদ্দীনের গলায় ফুলের মালা
- Google Maps – Tajuddin Ahmad – Muktijuddho Chottor

