‘কোন সুস্থ মস্তিষ্কের মানুষ বিএনপিকে সমর্থন করবে না’ শীর্ষক মন্তব্য করেননি তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলির (চিফ প্রসিকিউটর) পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে অপসারণ করেছে সরকার। ২৩ ফেব্রুয়ারি তার স্থলে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

এই প্রেক্ষাপটে তাজুল ইসলামের ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে তাজুল ইসলাম বলেছেন, ‘আজকের পরে থেকে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ বিএনপি কে সমর্থন করবে না’।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে, এখানে

টিকটকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তাজুল ইসলাম এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই এ দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে খোঁজ করেও আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি। তাজুল ইসলামের ফেসবুক প্রোফাইলেও এমন কোনো মন্তব্যের অস্তিত্ব মেলেনি।

বরং, গণমাধ্যম সূত্রে জানা যায়, পদ থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাজুল ইসলাম বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রের বিভিন্ন পদে নিজেদের পছন্দনীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া স্বাভাবিক বিষয়; এতে অবাক হওয়ার কিছু নেই।

অর্থাৎ, আলোচিত মন্তব্যটি তাজুল ইসলাম করেননি, বরং ভিন্ন অর্থবোধক একটি মন্তব্য করেছেন।

সুতরাং, ‘আজকের পরে থেকে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ বিএনপি কে সমর্থন করবে না’ শীর্ষক তাজুল ইসলামের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: