গণভোট ও একাধিক রাজনৈতিক দলকে জড়িয়ে চিফ প্রসিকিউটরের নামে ভুয়া মন্তব্য প্রচার 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃতি দিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।

একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, ‘বিএনপি যদি ক্ষমতায় আসে, ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ও ভারত। আর যদি জামাত ক্ষমতাই আসে, তাহলে ক্ষমতাই আসবে বাংলাদেশ।’

এই দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন: এখানে

অন্য ফটোকার্ডে দাবি করা হয়, তিনি বলেছেন, ‘হ্যাঁ ভোটে জয়যুক্ত হলে তারেক রহমান হাসিনার মতো স্বৈরাচার হতে পারবেন না। এজন্যই বিএনপি না ভোটের ক্যাম্পেইন চালাচ্ছে।’

এই দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তাজুল ইসলাম আলোচিত মন্তব্যগুলো করেননি। প্রকৃতপক্ষে, তার ছবি ব্যবহার করে তথ্যসূত্রহীনভাবে তার নামে এসব মন্তব্য প্রচার করা হচ্ছে।

এ মন্তব্যগুলোর বিষয়ে অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সূত্রে তাজুল ইসলামের এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হওয়ায়, তার পক্ষ থেকে এ ধরনের মন্তব্য করা হলে তা গুরুত্বসহকারে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ার কথা। তবে গণমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য মেলেনি।

তাজুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, গত ১২ জানুয়ারি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার প্রচারণা চালিয়ে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি পোস্টার তিনি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তবে সেখানে তারেক রহমানকে ঘিরে আলোচিত মন্তব্যটির কোনো অস্তিত্ব নেই। বরং, তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে গত ২৫ ডিসেম্বর দেওয়া একটি পোস্টে তাজুল ইসলাম লেখেন, ‘এই মাটির সন্তানেরা আবার মুক্ত স্বদেশে ফিরে আসতে পারছেন এটা আমাদের জুলাইয়ের অর্জন। জুলাই শহীদদের আত্মত‍্যাগ ব‍্যতিত এটা সম্ভব হতোনা। ইনকিলাব জিন্দাবাদ।’

এছাড়া, তার ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনায় বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতকে ঘিরে আলোচিত মন্তব্যেরও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

সুতরাং, তাজুল ইসলামের নামে প্রচারিত এসব মন্তব্য ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র



Share: