শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে গণধোলাই দাবিতে এআই ভিডিও প্রচার

গত ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এরই প্রেক্ষিতে, উক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে গণধোলাই দেওয়া হয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাজুল ইসলামকে রাস্তায় ফেলে মারধর করতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে গণধোলাই দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ভিডিও বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে। এছাড়া, তাজুল ইসলামকে গণধোলাই দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে গণধোলাই দেওয়া হলে তা গণমাধ্যমে অবশ্যই সংবাদ আকাশে প্রকাশিত হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলে এবং হাইভ মডারেশনের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। উভয় টুলের বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা যথাক্রমে ৯৮% এবং ৯৯.৯%।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
সুতরাং, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে গণধোলাইয়ের দৃশ্য দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis

