অনশনে তারেক লুকিয়ে খাবার খাচ্ছেন দাবিতে এআই ভিডিও প্রচার

গত ৪ নভেম্বর রাজনৈতিক দল নিবন্ধনের দৌড়ে ‘আম জনতার দল’ বাদ পড়ার পর থেকে দলের সদস্য সচিব মো. তারেক রহমান নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে অনশন করেন। অনশনের সময় তিনি লুকিয়ে খাবার খাচ্ছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তারেক রহমানের লুকিয়ে খাবার খাওয়ার এই ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ভিডিওর মাধ্যমে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে ভিডিওটি পর্যালোচনা করে এটির পারিপার্শ্বিক উপাদানেও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। যেমন, তারেকের হাতের ক্যানুলাটির অবস্থান অস্বাভাবিক। অনশনের সময় তারেক রহমানের হাতে থাকা ক্যানুলার সঙ্গে এই ভিডিওর ক্যানুলার অবস্থানের মিল নেই। এসব সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৭ শতাংশ।
সুতরাং, এআই প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওর মাধ্যমে অনশনে তারেক রহমান লুকিয়ে খাবার খেয়েছেন বলে দাবি করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis

