সেনাবাহিনীর ফোন চুরি নিয়ে দুঃখ প্রকাশ দাবিতে তারেক রহমানকে জড়িয়ে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৮ বছর পর দেশে এসেছেন। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট সড়ক) মহাসমাবেশ করে। সমাবেশের কিছু ঘটনাকে কেন্দ্র করে তারেক রহমানকে উদ্ধৃত করে ‘আমার স্বদেশ প্রত্যাবর্তব উপলক্ষে আমার কিছু উশৃংখল নেতাকর্মীরা সেনাবাহিনীর ১৬ টি মোবাইল চুরির মতো ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি’ শীর্ষক শিরোনামে দৈনিক পত্রিকা কালের কণ্ঠের ফটোকার্ড ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং কালের কণ্ঠও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠ কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে দৈনিক পত্রিকা কালের কণ্ঠের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৫ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ২৫ ডিসেম্বর ‘যারাই আসি না কেন, নবী (স.) এর ন্যায়পরায়ণতা নিয়ে দেশ গড়ব’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, কালের কণ্ঠের লোগো এবং তারেক রহমানের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে কালের কণ্ঠের প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তারেক রহমান মহাসমাবেশে বলেন, পরবর্তী যারাই ক্ষমতায় আসুক না কেন মহানবী (স.) এর ন্যায়পরায়ণতা দিয়ে ক্ষমতা পরিচালনা করব এবং সেই আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব….।

এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত মন্তব্য নিয়ে তারেক রহমানের এমন কোনো মন্তব্য খুঁজেও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটে আয়োজিত সমাবেশে সেনাবাহিনীর মোবাইল চুরি করে বিএনপি কর্মীর ধরা পড়ার দাবি সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়।

সুতরাং, ‘আমার স্বদেশ প্রত্যাবর্তব উপলক্ষে আমার কিছু উশৃংখল নেতাকর্মীরা সেনাবাহিনীর ১৬ টি মোবাইল চুরির মতো ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: