ভারতের কাছে মুচলেকা দিয়ে তারেক রহমান দেশে এসেছেন বলে মন্তব্য করেননি রুমিন ফারহানা, ফটোকার্ডটি সম্পাদিত

সম্প্রতি, জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা মন্তব্য করেছেন দাবিতে ‘১৭ বছর লন্ডনে গুপ্ত সময় পার করে ভারতে মুচলেকা দিয়ে তারেক রহমান দেশে এসেছেন লুটেপুটে খাওয়ার জন্য, লুটেপুটে খাওয়া শেষে আবার লন্ডনে গুপ্ত সময় পার করবেন।’ শিরোনামে দূরবীন নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উল্লেখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সংসদ সদস্য রুমিন ফারহানা তারেক রহমানকে উদ্দেশ্য করে এমন কোনো মন্তব্য করেননি এবং দূরবীন নিউজও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দূরবীন নিউজ কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে দূরবীন নিউজের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৩ এপ্রিল, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে দূরবীন নিউজের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, দূরবীন নিউজর ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, দূরবীন নিউজের ফেসবুক পেজে গত ২৩ এপ্রিল ‘ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: রুমিন ফারহানা’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, দূরবীন নিউজের লোগো এবং রুমিন ফারহানার ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। এছাড়াও,দূরবীন নিউজের ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত নিউজের ব্যবহৃত ফন্টের ও পার্থক্য রয়েছে।

অর্থাৎ, দূরবীন নিউজের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রুমিন ফারহানা বলেন, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ এর অন্তর্গত আশুগঞ্জ একটি শিল্প নগরী। এখানে আছে সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, চালকল, মিল, ফ্যাক্টরি, বন্দর। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না….।

এছাড়া, সংসদ সদস্য রুমিন ফারহানার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, রুমিন ফারহানাকে উদ্ধৃত করে ‘১৭ বছর লন্ডনে গুপ্ত সময় পার করে ভারতে মুচলেকা দিয়ে তারেক রহমান দেশে এসেছেন লুটেপুটে খাওয়ার জন্য, লুটেপুটে খাওয়া শেষে আবার লন্ডনে গুপ্ত সময় পার করবেন।’ শিরোনামে দূরবীন নিউজের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: