‘খালেদা জিয়ার হত্যাকারী জামায়াত-শিবির নিষিদ্ধ চাই’ শীর্ষক মন্তব্য করেননি তারেক রহমান, যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গতকাল (৩০ ডিসেম্বর) ভোরে মৃত্যু হয়েছে। এরই প্রেক্ষিতে ৩০ ডিসেম্বর অন্তত বিকেল থেকে ‘আমার মা কে হত্যার সাথে জড়িত জামাত শিবির কে নিষিদ্ধ চাই: তারেক রহমান’ শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এছাড়াও, ক্যাপশনে দাবি করা হয়, বিএনপি সংবাদ সম্মেলনে বলেছে খালেদা জিয়াকে সুকৌশলে বিষ প্রয়োগে হাসপাতালে জামাত শিবির হত্যা করেছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘আমার মাকে হত্যার সাথে জড়িত জামাত শিবিরকে নিষিদ্ধ চাই: তারেক রহমান’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং তারেক রহমানও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তার আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। তাছাড়া, বিএনপিও খালেদা জিয়াকে সুকৌশলে বিষ প্রয়োগে হাসপাতালে জামায়াত-শিবির হত্যা করেছে এরূপ কোনো দাবি করেনি।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম, লোগো উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এমনকি যমুনা টিভির ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির তুলনা করলে ফন্ট, ফন্টের আকার ও লাইনস্পেসে পার্থক্য দেখা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির ফটোকার্ডের আদলে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘আমার মা কে হত্যার সাথে জড়িত জামাত শিবির কে নিষিদ্ধ চাই: তারেক রহমান’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: