ইন্টারপোলে ভারতের আবেদন থাকায় তারেক রহমান দেশে ফিরতে পারছেন না বলে মন্তব্য করেননি আসিফ নজরুল

সম্প্রতি, ‘ইন্টারপোলে ভারতের আবেদন থাকায় ফিরতে পারছে না তারেক রহমান’ শিরোনামে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান মুচলেকা না দিলে দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেননি আসিফ নজরুল। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, ‘আশার আলো’ নামক নামের একটি ফেসবুক পেজে গত ১ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে। ‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোনও পোস্টকে সিরিয়াসলি নেবেন না।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, এ বিষয়ে আরো অনুসন্ধান করে ইইলেকট্রনিক গণমাধ্যম নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৯ অক্টোবর ‘আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যা জানালেন আসিফ নজরুল’’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর থাম্বনেলের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে।

পরবর্তীতে, সময় টিভির ওয়েবসাইটে ২০২৪ সালের ২৯ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘এটা এখন আমার বলার স্টেজ না। আপনি যদি মনে করেন যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আরও ৪০-৫০ হাজার মানুষের অঙ্গহানি ঘটিয়েছে, চোখ কেড়ে নিয়েছে এবং এখনো তারা ওইটার পক্ষে কথা বলে, এখনো তাদের নেত্রী ২৮৭ জনকে দেখে নেবে এমন হুমকি দিচ্ছেন (সম্প্রতি ফাঁস হওয়া অডিও যদি সঠিক হয়), যিনি গণহত্যা মামলার আসামি, আমার মনে হয় না এই দেশের মানুষ তাদের বিচারের আগে অ্যাকসেপ্ট করবে।’

উল্লেখ্য, ১লা ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোন আইনগত বাধা থেকে থাকলে, সে ব্যাপারে সর্বোচ্চ সহোযোগিতার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সুতরাং, ইন্টারপোলে ভারতের আবেদন থাকায় তারেক রহমান দেশে ফিরতে পারছেন না প্রসঙ্গে প্রচারিত আসিফ নজরুলের মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: