সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাননি জানিয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘সত্য কথা বলি, আমি আওয়ামী লীগকে এবার নিষিদ্ধ করতে চাইনি। বিরোধী দলের চাপে আমাকে করতে হয়েছে। ক্ষমতায় যাওয়ার সাথে সাথে চেয়েছিলাম আওয়ামী লীগের কার্যক্রম সচল করে দিতে; কিছু কিছু জায়গায় সেটা করেছিলাম ও আমি কিন্তু—এই রাজাকারেরা আমাকে ভালো করে দেশ চালাতে দিবে না।’

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাননি জানিয়ে ভিডিওবার্তা প্রকাশের দাবিটি সঠিক নয়। এছাড়াও উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটিও আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তারেক রহমানের ভিন্ন আরেকটি ভিডিও সম্পাদনার মাধ্যমে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে।
তারেক রহমান যদি এমন কোনো মন্তব্য করতেন তাহলে সেটি গণমাধ্যমগুলোতে গুরুত্বের সাথে প্রকাশ হতো। এছাড়াও এটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনারও সৃষ্টি করতো। কিন্তু অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে তারেক রহমানের এমন কোনো মন্তব্য করার বা ভিডিওবার্তা প্রকাশের তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে উক্ত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে টিকটকেও একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়। প্রাপ্ত এই ভিডিওটির নিচের অংশে এআই লেভেল দেখতে পাওয়া যায়। এছাড়াও ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনার মাধ্যমে এতে কিছু এআইজনিত অসঙ্গতিও লক্ষ্য করা যায়। যেমন, তারেক রহমানের অস্বাভাবিক মুখভঙ্গি ও কথাবলার ধরনে কৃত্রিমতা।

ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
অনুসন্ধানে পরবর্তীতে তারেক রহমানের একই স্থানে বসে দেওয়া একটি ভিডিওবার্তার সন্ধান পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, উক্ত ভিডিও ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তা সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, তারেক রহমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাননি জানিয়ে তার ভিডিওবার্তা প্রকাশের দাবিতে প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Hive Detect
- Naya Shatabdi Facebook Post
- Rumor Scanner’s Analysis


