সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অনুষ্ঠানে তার বক্তব্যের শেষে জয় বাংলা বলেছেন দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে তার পাশে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকেও দেখতে পাওয়া যায়।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অনুষ্ঠানে নিজের বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের জয় বাংলা বলার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের ভিডিওকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কোনো অনুষ্ঠানে তার বক্তব্যের শেষে জয় বাংলা বললে স্বাভাবিকভাবেই সেটি গণমাধ্যমে প্রচারিত হতো এবং তা নিয়ে আলোচনা হতো। কিন্তু অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে প্রধানমন্ত্রীর জয় বাংলা বলার তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে BBC News বাংলা-এর ইউটিউব চ্যানেলে গত ১৭ ফেব্রুয়ারি নব-নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, শপথ গ্রহণ অনুষ্ঠানের একদম শেষাংশে জাতীয় সংগীত বাজার মুহুর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আলোচিত ভিডিওটির মতো দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। সেসময় তাদের পেছনে একই সেনা কর্মকর্তাকেও দেখতে পাওয়া যায়। তবে ওই মুহূর্তে তারেক রহমানকে আলোচিত ভিডিওটির মতো কোনো বক্তব্য প্রদান করতে দেখা যায়নি। পাশাপাশি তাকে জয় বাংলা বলতেও শোনা যায়নি। জাতীয় সংগীতের প্রতি উপস্থিত সকলের সম্মান প্রদর্শনের মাধ্যমেই অনুষ্ঠান ও ভিডিওটি শেষ হয়ে যায়।

অর্থাৎ, শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক রহমানের জয় বাংলা বলার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। এছাড়াও আলোচিত ভিডিওটিতে এআইজনিত অসঙ্গতিও লক্ষ্য করা যায়। তারেক রহমানের সাথে ভিডিওতে দেখতে পাওয়া বাকিরা অস্বাভাবিকভাবে চিৎকার করে ওঠতে দেখা যায়।
পরবর্তীতে আলোচিত এই ভিডিওটিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Deepfake-O-Meter-এ পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
সুতরাং, শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বক্তব্যের শেষে জয় বাংলা বলেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- BBC News বাংলা Youtube Channel: মন্ত্রিসভার শপথ, প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের শপথ সরাসরি….| BBC Bangla
- Deepfake-O-Meter
- Rumor Scanner’s Analysis


