সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ থেকে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক বন্ধ করার ঘোষণা দিয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

এমন দাবির টিকটক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিওটি প্রায় ১ লক্ষ ৩০ হাজারবার দেখা হয়েছে এবং প্রায় ৩০০ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
অনুরূপ দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান বাংলাদেশ থেকে টিকটক বন্ধ করার ঘোষণা দেননি। প্রকৃতপক্ষে, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ভূয়া এই দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেশিয় মূলধারার সংবাদ মাধ্যমে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
এছাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা তারেক রহমানের ব্যক্তিগত ফেসবুক পেজেও এ বিষয়ে কোনো তথ্য প্রচার হতে দেখা যায়নি।
পরবর্তীতে, আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে ডান দিকের কোণে একটি কিউআর কোড দেখা যায়। কিউআর কোডটি স্ক্যান করলে ‘It’s ImraN’ নামক একটি ফেসবুক পেজে নিয়ে যায়, যাতে গত ২৫ মার্চে একই ফটোকার্ডটি প্রচার হতে দেখা যায়। উক্ত পোস্টটির মন্তব্যের ঘরেও কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি।
উল্লেখ্য, পূর্বেও একাধিকবার বাংলাদেশে টিকটক বন্ধের ভুয়া দাবির প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন (১, ২) প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ থেকে টিকটক বন্ধ করার ঘোষণা দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়: Facebook Page
- Tarique Rahman: Facebook Page
- It’s ImraN: Facebook Page
- Rumor Scanner’s Analysis


