ড. ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর প্রকাশ্য ঘোষণা দেননি তারেক রহমান, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর ঘোষণা দিলেন তারেক রহমান” শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর ঘোষণা দিলেন তারেক রহমান” শীর্ষক তথ্যে বা শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এরূপ কোনো প্রকাশ্য মন্তব্য করেননি।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে চ্যানেল২৪ এর লোগো ও গণমাধ্যমটির নানা সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের নামের উল্লেখ রয়েছে।

চ্যানেল২৪ এর লোগোর সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও চ্যানেল২৪ এর ওয়েবসাইট এও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি, প্রচারিত ফটোকার্ডে গতানুগতিক ফটোকার্ডের মতো ফটোকার্ড প্রচারের তারিখের উল্লেখ না থাকায় সুনির্দিষ্ট কোনো মূল বা আসল ফটোকার্ডের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে, সাম্প্রতিক সময়ে গত ১৩ নভেম্বরে “জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর ঘোষণা দিলেন তারেক রহমান।’ শীর্ষক বাক্যের সংযুক্তি পাওয়া যায়। এছাড়া, ফন্টেও অমিল রয়েছে। পাশাপাশি, চ্যানেল২৪ এর ফটোকার্ডের শিরোনামে সাধারণত দাঁড়ির সংযুক্তি থাকে না কিন্তু আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের শিরোনামে দাঁড়ির সংযুক্তি পাওয়া যায়।

অর্থাৎ, চ্যানেল২৪ এর ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তারেক রহমানের এরূপ কোনো প্রকাশ্য ঘোষণা দেওয়ার সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে তারেক রহমান এরূপ কোনো ঘোষণা দিলে তা মূলধারার সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হতো।

তবে এ বিষয়ে অনুসন্ধানে নানাসময়ে নানা সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে ড. ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর বিষয়ে প্রস্তাব উত্থাপন হতে দেখা যায়। যেমন: গত ২৫ মে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়। এর আগে গত বছরের ২৮ অক্টোবর এক সংলাপে ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার গঠন করার প্রস্তাব দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি জানান তিনি মনে করেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে রাষ্ট্রপতি হিসেবে মুহাম্মদ ইউনূসের দায়িত্ব নেওয়া উচিত।

তবে ড. ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর বিষয়ে এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো প্রকাশ্য ঘোষণা দেওয়ার দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, “ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর ঘোষণা দিলেন তারেক রহমান” শীর্ষক দাবিতে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: