তারেক রহমান ভারতের কাছে মুচলেকা দিয়েছে দাবিতে ফখরুলকে জড়িয়ে সমকালের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ‘ভারতের কাছে জনাব তারেক রহমান মুসলেকা দিয়েছে এটা সত্য , নিরাপত্তার স্বার্থে মুসলেকা না দিয়ে উপায় ছিলো না’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক পত্রিকা সমকালের ফটোকার্ড ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রাচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানকে জড়িয়ে মির্জা ফখরুল ইসলাম এমন কোনো মন্তব্য করেননি এবং সমকালও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সমকাল কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে দৈনিক পত্রিকা সমকালের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৬ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে সমকালের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সমকালের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, সমকালের ফেসবুক পেজে গত ২৬ ডিসেম্বর ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, সমকালের লোগো এবং মির্জা ফখরুল ইসলামের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে সমকালে প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, সমকালের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত সমকালের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ নেবে। শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের আগে তিনি এ কথা বলেন। দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করতে আসা তারেক রহমানকে স্বাগত জানাতে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হন।

এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘ভারতের কাছে জনাব তারেক রহমান মুসলেকা দিয়েছে এটা সত্য নিরাপত্তা স্বার্থে মুসলেকা না দিয়ে উপায় ছিলো না’ শিরোনামে সমকাল এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: