তারেক রহমানের গাড়িতে সন্ত্রাসীদের গুলি করার ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি,  ‘তারেক রহমানের গাড়িতে গুলি করল সন্ত্রাসীরা’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত দাবির সমর্থনে পোস্টটির মন্তব্যঘরে একটি ব্লগস্পটভিত্তিক আর্টিকেলের লিংক সংযুক্ত করা হয়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানের গাড়িতে সন্ত্রাসীদের গুলি করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ব্লগস্পটের একটি ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের মাধ্যমে এ দাবি ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির পোস্টে ‘News24bd.blogspot.com’ নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত কথিত সংবাদ প্রতিবেদন লিংক সূত্র হিসেবে যুক্ত করা হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘News24bd.blogspot.com’ নামক ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি ভুঁইফোঁড় সাইট বলে প্রতীয়মান হয়। এই সাইটে ‘তারেক রহমানের গাড়িতে গুলি করলো সন্ত্রাসীরা’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং এর প্রকাশকাল ২০ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।

কথিত এই সংবাদে দাবি করা হয়, ‘তারেক রহমানের গাড়িতে গুলির সত্যতা পাওয়া গিয়েছে তবে সাম্প্রতিক সময়ে তার গাড়ি কেন্দ্রিক একটি রহস্যময় ঘটনা এবং তার নিরাপত্তা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো গাড়িতে ‘রহস্যময়’ খাম: গত জানুয়ারি মাসে (২০২৬) রাজধানীর গুলশানে তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে এক মোটরসাইকেল চালক পালিয়ে যায় । পুলিশ ঘটনাটি তদন্ত করলেও খামে কোনো ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি । নিরাপত্তা ও ব্যক্তিগত গাড়ি: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান সরকারি গাড়ি বা বিশেষ নিরাপত্তা সুবিধা না নিয়ে নিজের ব্যক্তিগত টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। গাড়িবহর হ্রাস: জনভোগান্তি ও যানজট কমাতে তিনি তার নিরাপত্তায় নিয়োজিত গাড়িবহরের সংখ্যা ১৩-১৪টি থেকে কমিয়ে মাত্র ৪টিতে নামিয়ে এনেছেন।’

এ বিষয়ে অনুসন্ধানে গত ১৮ জানুয়ারি দেশ রূপান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘১৪ জানুয়ারি রাজধানীর গুলশান ৬৫ নম্বর সড়কে এক মোটরসাইকেল চালক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় তার নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) সঙ্গে ছিল। এ ঘটনায় গুলশান থানায় জিডি করা হয়েছে এবং তদন্ত চলছে, তবে এখনো চালক শনাক্ত হয়নি; খামটি সিএসএফের কাছেই রয়েছে এবং সিসিটিভি ফুটেজ স্পষ্ট নয়। ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ জানান, এক শুভাকাঙ্ক্ষী দেখা করার সুযোগ না পেয়ে চিঠি লিখে খামটি গাড়িতে লাগিয়ে যেতে পারেন।’

আবার, গত ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ির বদলে নিজের সাদা টয়োটা গাড়িতে চলাচল করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি সাভার, শেরেবাংলা নগর ও সচিবালয়ে নিজের গাড়িতেই যাতায়াত করেন এবং যানজট কমাতে গাড়িবহর ১৩-১৪টি থেকে কমিয়ে ৪টিতে নামানো হয়।

অর্থাৎ, কথিত প্রতিবেদনে উল্লেখ করা ‘রহস্যময়’ খাম ও প্রটোকলসংক্রান্ত তথ্য আংশিক সত্য হলেও শিরোনামে থাকা তারেক রহমানের গাড়িতে গুলি চালানোর দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এমন ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই দেশের মূলধারার গণমাধ্যমে তা প্রকাশিত হতো, কিন্তু এ ক্ষেত্রে তা দেখা যায়নি।

অর্থাৎ, ফ্রি ওয়েবসাইট ব্যবহার করে ভুয়া এ তথ্যটি ছড়ানো হয়েছে।

উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।

সুতরাং, তারেক রহমানের গাড়িতে গুলি করলো সন্ত্রাসীরা শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: