সম্প্রতি ‘তারেক রহমান এই দেশের, শিশু মুক্তিযোদ্ধা। তিনি ৭১ সালে সরাসরি মুক্তিযোদ্ধে ভুমিকা রেখেছে।’ শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরকে উদ্ধৃত করে ও তার ছবি যুক্ত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে আব্দুল কাদের এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আব্দুল কাদেরের নামে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, তারেক রহমানকে উদ্দেশ্য করে আব্দুল কাদের এরূপ কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার করা হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
আব্দুল কাদেরের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে, এ বিষয়ে নিশ্চিত হতে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করা হয়। তিনি জানান, এ বিষয়ে তিনি কোথাও মন্তব্য করেননি। এছাড়া, আলোচিত ফটোকার্ডে তাকে ‘বিএনপি অ্যাক্টিভিস্ট’ বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আব্দুল কাদের জানান, বর্তমানে তিনি কোনো সংগঠনের সাথে যুক্ত নেই।
সুতরাং, আব্দুল কাদের ‘তারেক রহমান এই দেশের, শিশু মুক্তিযোদ্ধা। তিনি ৭১ সালে সরাসরি মুক্তিযোদ্ধে ভুমিকা রেখেছে।’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Abdul Qader – Facebook Profile
- Abdul Qader’s Statement


