শেখ হাসিনা-বিএনপি সরকারের বিষয়ে তারেক রহমানকে জড়িয়ে আরটিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘শেখ হাসিনা চাইলে দেশে আসতে পারেন। সরকার পক্ষের কোন বাধা নেই’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে গণমাধ্যম আরটিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ১৪ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ১৭ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ৫ শত বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারকে জড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে আরটিভি এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, আরটিভির প্রচলিত ফটোকার্ডের আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, এগুলোতে আরটিভির লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ ‘২৯ জুন ২০২৬’ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আরটিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, আরটিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডগুলোর শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত কোনো দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি যুক্ত করে ‘শেখ হাসিনা চাইলে দেশে আসতে পারেন। সরকার পক্ষের কোন বাধা নেই তারেক রহমান’ শিরোনামে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rtv – Facebook Page
- Rtv – Website
- Rtv – YouTube

