তারেক রহমানের নির্দেশে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি পুনর্নির্মাণের দাবিতে এআই-তৈরি ভিডিও প্রচার

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর একাধিকবার ভাঙচুর করা হয় ধানমন্ডি-৩২ এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবন। এর প্রেক্ষাপটে, ‘ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙা বাড়িটি পুনরায় নির্মাণ কাজ চলছে’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে একজন সংবাদ উপস্থাপককে বলতে শোনা যায়, “তারেক রহমানের নির্দেশে ঢাকার ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বরের ভাঙা বাড়িটি পুনরায় নির্মাণের কাজ শুরু হয়েছে এবং বর্তমানে দ্রুতগতিতে চলছে নির্মাণ কার্যক্রম। তারেক রহমানের নিজস্ব অর্থায়নে এই কাজ পরিচালিত হচ্ছে এবং মার্চের মধ্যেই কাজটি শেষ হবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে।”

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
১৯ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি প্রায় ২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ৮৫ টি কমেন্ট এসেছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তারেক রহমান ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙা বাড়ি পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেননি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিওর মাধ্যমে এই দাবিটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির প্রেক্ষিতে অনুসন্ধান করে বিশ্বস্ত কোনো সূত্রে এমন তথ্য পাওয়া যায়নি। তারেক রহমান এমন কোনো উদ্যোগ নিলে তা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার কথা, তবে এ সংক্রান্ত কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি।
পরবর্তীতে, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণে এতে এআই-জনিত একাধিক অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দেখা ব্যক্তির চোখ অস্বাভাবিকভাবে স্থির, মুখাবয়বে অসামঞ্জস্য রয়েছে। পাশাপাশি উপস্থিত মানুষের চেহারার গঠনসহ ভিডিওর বিভিন্ন উপাদানও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি হওয়ার ইঙ্গিত দেয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘TALL (2023)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
সুতরাং, তারেক রহমান ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙা বাড়ি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি ভুয়া এবং এ দাবির সঙ্গে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।
তথ্যসূত্র
- DeepFake-o-meter: TALL (2023)

