আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘ফ্যাসিস্টের দোসর’ বলেননি প্রধানমন্ত্রী, প্রথম আলোর ভুয়া ফটোকার্ড প্রচার

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও গত ১৩ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ১৪ জুলাই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানান।
এরই প্রেক্ষাপটে ১৪ জুলাই তারিখ উল্লেখ করে জাতীয় দৈনিক প্রথম আলোর ডিজাইনসংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এরা কেউ সাধারণ শিক্ষার্থী নয়, এরা ফ্যাসিস্টের দোসর, দেশ অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এরা মাঠে নেমেছে।’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি। প্রথম আলোও এ-সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, প্রথম আলোর ফটোকার্ডের ডিজাইন নকল করে তাতে মনগড়া বক্তব্য যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে জাতীয় দৈনিক প্রথম আলোর লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ১৪ জুলাই ২০২৬ উল্লেখ করা হয়েছে।
এর সূত্র ধরে প্রথম আলোর ফেসবুক পেজে ওই তারিখে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করা হয়। তবে সেখানে আলোচিত বক্তব্যসংবলিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। পাশাপাশি প্রথম আলোর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও তারেক রহমানের এমন মন্তব্য সংক্রান্ত কোনো সংবাদ বা ভিডিও খুঁজে পাওয়া যায়নি।
বরং, একটি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রথম আলো জানায়, ‘প্রথম আলোর নামে ছড়ানো এই ছবি ও তথ্য ভুয়া, আমাদের তৈরি নয়।’
এছাড়া, প্রাসঙ্গিক বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধানেও প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন মন্তব্যের বিষয়ে অন্য কোনো গণমাধ্যমে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি।
সুতরাং, আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য দাবিতে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Prothom Alo – Facebook Post
- Rumor Scanner’s analysis.

