চলমান সংঘাতে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে কোনো বার্তা দেননি তারেক রহমান

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, চলমান সংঘাতে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় ৪ লক্ষ ৭০ হাজারের বেশি বার।

 একই দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চলমান সংঘাতে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এই সংঘাত ইস্যুতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তারেক রহমান৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সব পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে চলমান সংঘাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো বক্তব্য বা বিবৃতি গণমাধ্যম সূত্র বা প্রধানমন্ত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় (, ) পাওয়া যায়নি।

অনুসন্ধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এই সংঘাত সংক্রান্ত একটি বিবৃতি পাওয়া যায়। বিবৃতিতে বলা হয়, ইরানে হামলার পর বাংলাদেশ সেদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

বাংলাদেশ সতর্ক করে দিয়েছে যে, অব্যাহত শত্রুতা কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করবে। এটি সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনের জন্য কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দাও জানায়।

বাংলাদেশ আশা করে যে যত তাড়াতাড়ি সম্ভব শান্তি বিরাজ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা পুনরুদ্ধার করা হবে।

আজ আরেকটি বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়।

এই দুই বিবৃতির কোনোটিতেই কোনো দেশকে হুঁশিয়ারি দেওয়ার তথ্য মেলেনি।

বিডিনিউজের এক খবরে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে শনিবার রাতে জরুরি সভা করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্ব। এরপর গতকাল সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী খলিল এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তার উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তাকেই সর্বোচ্চ ‘অগ্রাধিকার’ দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশ কূটনৈতিক সমাধান ও উত্তেজনা প্রশমনের পক্ষে। আমরা চাই পরিস্থিতির অবনতি না ঘটুক। কূটনৈতিকভাবে সমাধান হোক, সেটাই আমাদের প্রত্যাশা।”

এ খবরেও তারেক রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সুতরাং, চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: