প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১২ মে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গিয়েছিলেন তারেক রহমান। মূলত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মশালা উদ্বোধন করতে ঢাবিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ঢাবিতে তার এই যাওয়াকে কেন্দ্র করে ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়, তারেক রহমানকে ডক্টরেট ডিগ্রী দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডক্টরেট ডিগ্রী প্রদান করা হয়নি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যালোচনা করে তাতে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে, গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে উক্ত দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী প্রদানের মতো ঘটনা ঘটলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোঃ রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তারেক রহমানকে ডক্টরেট ডিগ্রী প্রদানের দাবি প্রসঙ্গে তিনি জানান, ‘এটি পুরোপুরি একটি গুজব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কাউকে ডক্টরেট ডিগ্রী প্রদান করা হলে সেটির বিশেষ সমাবর্তন আয়োজন করা হয়। তাছাড়া, এটির জন্য একাডেমিক কাউন্সিলের সভা এবং সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন হয়। কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এলে কাউকে ডক্টরেট ডিগ্রী দেওয়ার কোনো বিধান কিংবা নজির নেই।’
সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয় তারেক রহমানকে ডক্টরেট ডিগ্রী দিয়েছে বলে যে দাবি প্রচার করা হয়েছে তা মিথ্যা।
তথ্যসূত্র
- Md. Rafiqul Islam – Statement


