সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে ‘আপনি টিকা চাচ্ছেন, তেল চাচ্ছেন, আবার এট দ্যা সেইম টাইম বিদ্যুৎ চাচ্ছেন। কোন গভমেন্টের পক্ষেই এটা দেওয়া সম্ভব না।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। সাধারণত প্রধানমন্ত্রী এমন মন্তব্য করলে সেটি গণমাধ্যমগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হতো। কিন্তু এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘গুপ্ত টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ২ এপ্রিল আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রচারিত হতে দেখা যায়।
‘গুপ্ত টেলিভিশন’ পেজটি পর্যবেক্ষণ করে এর পরিচিতি পর্বে ‘This is Gupto TV। একটি Satire & Parody platform । All contents are for entertainment purpose only। আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও Parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, তারেক রহমানের’র ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, তারেক রহমান ‘আপনি টিকা চাচ্ছেন, তেল চাচ্ছেন, আবার এট দ্যা সেইম টাইম বিদ্যুৎ চাচ্ছেন। কোন গভমেন্টের পক্ষেই এটা দেওয়া সম্ভব না।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি ভুয়া ও বানোয়াট।


