দলের অপকর্মের জন্য তারেক রহমান ক্ষমা চেয়েছেন দাবিতে প্রচারিত হচ্ছে ভুয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে পোস্ট করে ক্ষমা চেয়েছেন। পোস্টে তারেক রহমানের ফেসবুক পোস্টের স্ক্রিনশট দাবিতে একটি স্ক্রিনশটও প্রচার করা হয়েছে। স্ক্রিনশটটিতে দেখা যায় কথিত তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘প্রিয় দেশবাসী, আসসালামুয়ালাইকুম। আপনারা জানেন বিগত ১৭ বছর আমার দলের নেতাকর্মীরা হাসিনা সরকারের অত্যাচার নির্যাতনে খুব কঠিন সময় পার করেছে। অনেকে মাসের পর মাস ঘরে থাকতে পারেনি। চাকরি ও ব্যাবসা হারিয়েছেন হাজার হাজার নেতাকর্মী। ঐতিহাসিক গন অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলে আমার দলের নেতাকর্মীরা নিজ বাড়িতে ফিরেছেন। স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পেরেছেন। বিগত সময়ে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়া নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গায় চাদাবাজী করছেন। এটা আমি অপকটে স্বীকার করি। এইজন্য আমরা অনেককেই দল থেকে বহিষ্কার করেছি। ভবিষ্যতে এসব বিষয়ে কঠোর থাকবো বলে আমি নির্দেশনা দিয়েছি। ৫ আগস্ট পর থেকে এখন পর্যন্ত আমাদের দলের নেতাকর্মী দারা সমস্ত হত্যাকান্ড, চাদাবাজী, নারীদের উপর হামলার জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের ক্ষমা করে দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে আমি দেশবাসীর নিকট আহবান জানাচ্ছি। ‘সবার আগে বাংলাদেশ’’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দলের অপকর্মের জন্য তারেক রহমান ক্ষমা চেয়েছেন দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টের স্ক্রিনশটটি আসল নয়। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ভুয়া এই স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে; এরূপ কোনো পোস্ট তারেক রহমান করেননি।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তারেক রহমানের এরূপ পোস্ট করার দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, তারেক রহমানের এরূপ পোস্ট করার সপক্ষে আলোচিত স্ক্রিনশটটি ব্যতীত আর কোনো স্ক্রিনশটও পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত পোস্টের কোনো আর্কাইভ সংস্করণও পাওয়া যায়নি। স্ক্রিনশটটিতে স্ক্রিনশটটি ধারণকালীন সময়ে পোস্টের কতক্ষণ অতিবাহিত হয়েছে তাও প্রদর্শিত হয়নি। তাছাড়া, পোস্টে চাঁদাবাজি বানানেও ভুল লক্ষ্য করা যায়। পোস্টে ‘চাঁদাবাজি’কে ‘চাদাবাজী’ লেখা হয়েছে।

এসব বিষয় বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে তারেক রহমান এরূপ কোনো ফেসবুক পোস্ট করেননি।

তবে অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তারেক রহমান অতীতের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন। তিনি বলেছেন, ‘অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।’

সুতরাং, দলের অপকর্মের জন্য তারেক রহমান ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টের স্ক্রিনশটটি ভুয়া।

তথ্যসূত্র

Share: