খালেদা জিয়াকে জড়িয়ে তারেক রহমানের মন্তব্য দাবিতে ডিবিসি নিউজের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘বেগম খালেদা জিয়া জলপাইগুড়ির নয়াবস্তি তে থাকতেন তাই বস্তিবাসীর দিকে আমার বিশেষ নজর থাকবে, বস্তিবাসীর মাঝে আমি খালেদা জিয়ার ছবি দেখতে পাই’ শিরোনামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য দাবিতে তার ছবি সংযুক্ত করে ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জড়িয়ে তারেক রহমানের নামে ডিবিসি নিউজ আলোচিত ফটোকার্ডটি বা কোনো সংবাদ প্রচার করেনি এবং তারেক রহমানও এরূপ কোনো মন্তব্য করেননি৷ প্রকৃতপক্ষে, ডিবিসি নিউজের ভিন্ন শিরোনামের একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ‘ডিবিসি নিউজ’ এর লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ‘২০ জানুয়ারি, ২৫’ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ডিবিসি নিউজের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ডিবিসি নিউজের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত ২০ জানুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে ডিবিসি নিউজের লোগো এবং তারেক রহমানের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘বস্তির শিশুরাও ধনীদের সন্তানের মতো সুযোগ-সুবিধায় বড় হবে’ শিরোনামে ডিবিসি নিউজের উক্ত ফটোকার্ডটির মূল শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘বেগম খালেদা জিয়া জলপাইগুড়ির নয়াবস্তি তে থাকতেন তাই বস্তিবাসীর দিকে আমার বিশেষ নজর থাকবে, বস্তিবাসীর মাঝে আমি খালেদা জিয়ার ছবি দেখতে পাই’ শিরোনামটি প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি মহাখালীর টিঅ্যান্ডটি কলোনির মাঠে কড়াইলবাসীর আয়োজনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার দোয়া মাহফিলের অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দেন তারেক রহমান। ডিবিসি নিউজের ফেসবুক পেজে উক্ত বক্তব্যের একাধিক (১, ২, ৩) ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তবে, এসব প্রতিবেদনে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
ডিবিসি নিউজ ব্যতীত অন্য কোনো গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
এছাড়া, তারেক রহমান আসলেই এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, খালেদা জিয়াকে জড়িয়ে তারেক রহমানের মন্তব্য দাবিতে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- DBC News – Facebook Page
- DBC News – Website
- DBC News – YouTube Channel
- DBC News – Facebook Post
- Tarique Rahman – Facebook Page

