শারীরিকভাবে ‘সংকটাপন্ন’ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি ও তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নানা গুজব ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দেশে ফেরার জন্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে তারেক রহমানের দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডনের কোনো বিমানবন্দরের নয়। প্রকৃতপক্ষে, চলতি বছরের জানুয়ারি মাসে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে যাওয়ার পূর্বে সাংবাদিকদের সাথে তারেক রহমানের আলাপচারিতার সময়ে ধারণকৃত একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, জাগো নিউজের ইউটিউব চ্যানেলে চলতি বছরের ১৭ জানুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২ মিনিট ১৫ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমানকে বলতে শোনা যায়, “দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে, মায়ের জন্য দোয়া করার জন্য।”
এছাড়া, দেশিয় একাধিক সংবাদমাধ্যমে সেসময়ে আলোচিত বিষয়ে একাধিক (১, ২) ভিডিও প্রতিবেদন প্রচার হতে দেখা যায়।
অর্থাৎ, এটি সম্প্রতি তারেক রহমান লন্ডন থেকে দেশে ফেরার সময়ের ভিডিও নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হবে বলেও জানান তিনি।
সুতরাং, চলতি বছরের জানুয়ারিতে লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ পূর্ববর্তী সময়ের ভিডিওকে সম্প্রতি তার লন্ডন থেকে দেশে ফেরার সময়ে লন্ডন হিথ্রো বিমানবন্দরের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।


