তারেক রহমানকে জড়িয়ে মানবজমিনের প্রচ্ছদ পৃষ্ঠার এই ছবিটি সম্পাদিত

প্রায় দেড় যুগের দীর্ঘ নির্বাসন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সেদিন রাজধানীর তিনশো ফিট সড়কে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা সমাবেশ অংশগ্রহণ করেন তিনি। পরদিন, ২৬ ডিসেম্বর, এ বিষয়ে জাতীয়-আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। এরই প্রেক্ষিতে তারেক রহমানের ছবি যুক্ত ‘বাংলার চাঁদাবাজদের কিং’ শিরোনামে মূলধারার গণমাধ্যম মানবজমিনের ২৬ ডিসেম্বর ২০২৫ এর প্রিন্ট সংস্করণের প্রচ্ছদ পৃষ্ঠার ছবি দাবি করে একটি প্রিন্ট কপি সদৃশ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বাংলার চাঁদাবাজদের কিং’ শিরোনামে মানবজমিনের প্রচ্ছদ পৃষ্ঠা দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, মানবজমিনের প্রচ্ছদ পৃষ্ঠার ছবি সংগ্রহ করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শিরোনাম সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মানবজমিনের ফেসবুক পেজে ২০২৫ সালের ২৬ ডিসেম্বর প্রকাশিত পোস্টে একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবিটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ছবিতে তারেক রহমানের ছবি এবং সকল সংবাদের শিরোনামের মিল রয়েছে। তবে, উভয় ছবিতে তারেক রহমানের ছবির শিরোনামে পার্থক্য লক্ষ্য করা যায়৷ মূলত, মানবজমিনের প্রচ্ছদ পৃষ্ঠার মূল ছবিটির ‘বাংলার লুথার কিং’ শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘বাংলার চাঁদাবাজদের কিং’ শিরোনাম প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, মানবজমিনের ওয়েবসাইটে ২০২৫ সালের ২৬ ডিসেম্বর ‘বাংলার লুথার কিং’ শিরোনামে পত্রিকাটির সেদিনের প্রচ্ছদ পৃষ্ঠার প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ‘বাংলার চাঁদাবাজদের কিং’ শীর্ষক কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটে ‘Tarique Rahman’s Historic Homecoming in the Media’ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি ও গণমাধ্যম সময় টিভির ‘‘দেশে প্রত্যাবর্তনের এক অভূতপূর্ব দৃশ্য,’ ‘বাংলার লুথার কিং’’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও মানবজমিনের ‘বাংলার লুথার কিং’ শিরোনামে তারেক রহমানের ছবিযুক্ত প্রচ্ছদ পৃষ্ঠার ছবিটি খুঁজে পাওয়া যায়।
সুতরাং, তারেক রহমানকে জড়িয়ে ‘বাংলার চাঁদাবাজদের কিং’ শিরোনামে গণমাধ্যম মানবজমিনের প্রচ্ছদ পৃষ্ঠার ছবি দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Daily Manab Zamin – Facebook Post
- মানবজমিন – বাংলার লুথার কিং
- Bangladesh Nationalist Party-BNP – Tarique Rahman’s Historic Homecoming in the Media
- Somoy TV – ‘দেশে প্রত্যাবর্তনের এক অভূতপূর্ব দৃশ্য,’ ‘বাংলার লুথার কিং’

