‘আমি দুটি বিভাগ করবো নোয়াখালী ও ফরিদপুর, কুমিল্লাকে না’ বলে মন্তব্য করেননি তারেক রহমান

গেল ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংযুক্ত করে তার মন্তব্য দাবিতে ‘আমি দুটি বিভাগ করবো নোয়াখালী ও ফরিদপুর, কুমিল্লাকে না’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান ‘আমি দুটি বিভাগ করবো নোয়াখালী ও ফরিদপুর, কুমিল্লাকে না’ এরূপ কোনো মন্তব্য করেননি৷ প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ হতো।
তবে আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানের সূত্রে অনলাইন পোর্টাল বার্তা বাজারের ওয়েবসাইটে গত ২৬ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ। কুমিল্লা অঞ্চলে অনেক খাল রয়েছে। আমরা কৃষি কাজের জন্য খাল খনন প্রকল্প হাতে নিবো। এ অঞ্চলে আমরা সবাইকে নিয়ে খাল খনন করবো।
রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী (ডিগবাজি) মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুতরাং, তারেক রহমানের ‘আমি দুটি বিভাগ করবো নোয়াখালী ও ফরিদপুর, কুমিল্লাকে না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Barta Bazar-Website
- Rumor Scanner’s own analysis

