তারেক রহমানকে জড়িয়ে পুলিশ কর্মকর্তার এআই ভিডিও প্রচার

সম্প্রতি, একজন পুলিশ অফিসার মোবাইল ফোনে তার উর্ধ্বতন কর্মকর্তাকে ‘বিএনপি ক্ষমতায় গেলে হাসিনার চেয়ে বেশি সুযোগ সুবিধা দিবে’ বলে জানাচ্ছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইলেকট্রনিক গণমাধ্যম দেশ টেলিভিশনের লোগো সম্বলিত একটি ভিডিও প্রচার করা হয়েছে।

প্রচারিত ভিডিওটিতে উক্ত পুলিশ অফিসারকে বলতে শোনা যায়, ‘স্যার, তারেক রহমান বলছে তাদের পক্ষে থাকলে আমাদেরকে হাসিনার চেয়ে বেশি সুবিধা দেবে। শিবির আর মোল্লাদের থেকেও বাঁচাবে। এখন, স্যার, যেভাবে হোক বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। না হলে স্যার আমাদের উপায় থাকবে না।’

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত উক্ত দাবির একটি ভিডিও-ই দেখা হয়েছে প্রায় ১ লাখ ৮৩ হাজার বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৫ হাজার ৩১৮ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। পাশাপাশি প্রায় ২ হাজার ৩২৩ বার ভিডিওটি শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত পুলিশ অফিসারের ভিডিওটি আসল নয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশ পুলিশকে উদ্দেশ্য করে এমন কোনো মন্তব্য করার সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় দেখা যায়, আলোচিত ভিডিওটিতে দেশ টেলিভিশনের লোগোর অ্যানিমেশনটি বাম দিক থেকে ডান দিকে ঘুরছে। কিন্তু দেশ টেলিভিশনের ফেসবুক পেজে প্রচারিত কোনো প্রকার ভিডিওতে গণমাধ্যমটির লোগোর অ্যানিমেশনে এমনটি দেখা যায় না। অপরদিকে দেখা যায়, আলোচিত ভিডিওটিতে মূলত দেশ টেলিভিশনের ফটোকার্ডের ডিজাইন নকল করে সেটিতে পুলিশ অফিসারের ভিডিওটি যুক্ত করা হয়েছে।

দেশ টেলিভিশনের পেজে প্রচারিত রিল কিংবা ভিডিওতে এমন ফরমেট ব্যবহার করতে দেখা যায়নি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, দেশ টেলিভিশন আলোচিত ভিডিওটি প্রকাশ করেনি।

এছাড়াও, অনুসন্ধানে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো পুলিশ অফিসারের এমন মন্তব্য করার কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পুলিশদের উদ্দেশ্য করে এমন আশ্বাস প্রদানের তথ্য পাওয়া যায়নি। তবে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের এবং বিনিয়োগকারীদের দলটির পক্ষ থেকে সুবিধা দিবে বলে তারেক রহমান এবং আমীর খসরু মন্তব্য করেছেন এমনটা জানা যায়।

পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Wikimedia Commons এর ওয়েবসাইটে ২০১৫ সালের ১৪ এপ্রিল প্রচারিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। প্রচারিত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির প্রথম ফ্রেমের হুবহু মিল পাওয়া যায়। তবে অনুসন্ধানে একই মুহুর্তের কোনো ভিডিও খুঁজে পাওয়া যায়নি। তাই ধারণা করা যাচ্ছে, আলোচিত ভিডিওটি উক্ত ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

বিষয়টি আরও নিশ্চিতের জন্য এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কিনা সেটি যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Deepfake-O-Meter এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৬ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে পুলিশ অফিসারের ‘তারেক রহমান বলেছে বিএনপি ক্ষমতায় গেলে পুুলিশদের শেখ হাসিনার চেয়ে বেশি সুযোগ সুবিধা দিবে’ শীর্ষক মন্তব্য প্রদানের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে: যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: