তারেক রহমানকে জড়িয়ে সমকালের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দৈনিক ‘সমকাল’ -এর একটি নিউজ ফটোকার্ড প্রচারিত হয়। যাতে লেখা ছিল, ‘তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় মঞ্চের পাশ থেকে হঠাৎ এক নেতা বলে উঠল খাম্বা তারেক জিন্দাবাদ, চাঁদাবাজ জিন্দাবাদ।’

ফেসবুকে প্রচারিত উক্ত দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় মঞ্চের পাশ থেকে হঠাৎ এক নেতা বলে উঠল খাম্বা তারেক জিন্দাবাদ, চাঁদাবাজ জিন্দাবাদ।’ শীর্ষক তথ্যে বা শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে মূলধারার গণমাধ্যম সমকালের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ২২ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে সমকালের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সমকালের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ২২ জানুয়ারি সমকালের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ফটোকার্ডটিতে ‘প্রথম নির্বাচনী জনসভায় তারেক রহমান, ধানের শীষ নির্বাচিত হলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে’ শীর্ষক বাক্য রয়েছে, যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে ‘তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় মঞ্চের পাশ থেকে হঠাৎ এক নেতা বলে উঠল খাম্বা তারেক জিন্দাবাদ, চাঁদাবাজ জিন্দাবাদ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, সমকালের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সম্বলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদনে জানা যায়, গত ২২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম জনসভায় বিএনপির চেয়ারম্যান হিসেবে বক্তৃতা দেন তারেক রহমান। প্রায় দুই দশক পর বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে লক্ষাধিক নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, “আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। ১২ তারিখ ধানের শীষে ভোটের মাধ্যমে সেই যাত্রা শুরু হবে।”
এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমে আলোচিত দাবিটি সমর্থন করে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, ‘তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় মঞ্চের পাশ থেকে হঠাৎ এক নেতা বলে উঠল খাম্বা তারেক জিন্দাবাদ, চাঁদাবাজ জিন্দাবাদ।’ শীর্ষক বাক্য সংবলিত সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Samakal – Facebook Post
- Samakal – রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল
- Rumor Scanner’s own analysis

