ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন নেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এছাড়াও ক্ষমতাসীন দল বিএনপিতে যোগদানের কথাও নিশ্চিত করে এই অভিনেত্রী। সম্প্রতি, তিনি ‘তারেক রহমান বলেছেন আমি নাকি বিএনপির সবচেয়ে সুন্দর নারী। উনি ব্যক্তিগতভাবে আমার নাম্বারও রেখে দিয়েছেন।’ শীষর্ক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি করেননি রুকাইয়া জাহান চমক। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে দাবির সপক্ষে পোস্টটিতে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত মন্তব্যের পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘গুপ্ত টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ২০ এপ্রিল রাত ১২ টা ২৭ মিনিটে আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়।

‘গুপ্ত টেলিভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরনে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তীতে অনুসন্ধানে Kalbela News-এর ইউটিউব চ্যানেলে অভিনেত্রী চমকের একটি সাক্ষাৎকারের ভিডিওর সন্ধান পাওয়া যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের শেষে তিনি গণমাধ্যমকে সাক্ষাৎকারটি দেন। সাক্ষাৎকারে তিনি গণমাধ্যমকর্মীদের প্রশ্নের প্রেক্ষিতে তাকে অন্যান্য কথার পাশাপাশি ‘পার্সোনালি আমার নাম্বার রাখা হয়েছে এবং আমাকে বলা হয়েছে যে, “আপনি কি বিএনপিকে সার্ভ করতে চান কিনা?”। আমি বলেছি, “হ্যাঁ, আমি বিএনপিকে সার্ভ করতে চাই। বাট আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা”। সো, বিএনপি যদি আমাকে সেই সুযোগ দেয়, এই প্ল্যাটফর্মটা দেয়, তাহলে তো আমি কৃতজ্ঞ থাকবো।’ শীর্ষক কথাগুলো বলতে শোনা যায়।
তবে নাম্বার রাখা বিষয়ক উল্লিখিত মন্তব্যের পূর্বে তাকে ‘তারেক রহমান বলেছেন আমি নাকি বিএনপির সবচেয়ে সুন্দর নারী’ শীর্ষক আলোচিত কথাটি বলতে শোনা যায়নি। এমনকি এরূপ কোনো কথাই তাকে বলতে শোনা যায়নি।
এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের পর তার দেওয়া উক্ত সাক্ষাৎকারের সূত্র ধরেই আলোচিত দাবিটি তার নামে প্রচার করা হয়েছে।
সুতরাং, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ‘তারেক রহমান বলেছেন আমি নাকি বিএনপির সবচেয়ে সুন্দর নারী। উনি ব্যক্তিগতভাবে আমার নাম্বারও রেখে দিয়েছেন।’ শীষর্ক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Gupto Television Facebook Post
- Kalbela News Youtube Channel: পার্সোনালি আমার নম্বর রাখা হয়েছে: চমক
- Rumor Scanner’s Analysis


