পহেলা মে ই প্রথম নয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গত মার্চেও নয়াপল্টন কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন তারেক রহমান

সম্প্রতি, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমান প্রথমবারের মতো ঢাকার নয়াপল্টনে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের প্রথমবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যাওয়ার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, নির্বাচিত হওয়ার পর গত মার্চ মাসে তারেক রহমান প্রথমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান৷
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি প্রচারকারী ফেসবুক পেজ Discover বাংলায় একই দিনে (০১ মে) প্রচারিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ‘প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে প্রথম বারের মতো নয়াপল্টনে সমাবেশে তারেক রহমান’ ক্যাপশনে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে ‘শ্রমিক সমাবেশ’ লিখিত একাধিক ফেস্টুন লক্ষ্য করা যায়৷ উক্ত ভিডিওতে তারেক রহমানের পরিহিত পোশাক-পরিচ্ছদের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

পরবর্তীতে, উক্ত সূত্র ধরে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত ভিডিও এবং একাধিক গণমাধ্যম সূত্রে (১, ২, ৩) জানা যায়, এটি গত ০১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের দৃশ্য। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই ছিলো রাজধানী ঢাকায় তার প্রথম জনসভা।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি গত ০১ মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে অংশগ্রহণকালে তারেক রহমানের বিএনপি কার্যালয় পরিদর্শনের দৃশ্য।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমানের প্রথমবার বিএনপির নয়াপল্টন কার্যালয় পরিদর্শন বিষয়ে অনুসন্ধানে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজের পোস্ট এবং একাধিক গণমাধ্যম (১ ২) সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ২৮ মার্চ তারেক রহমান প্রথমবারের মতো নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান।

সুতরাং, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দাবিতে তার সাম্প্রতিক পরিদর্শনের একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Discover বাংলা – Facebook Post
- Bangladesh Nationalist Party-BNP – Facebook Post
- Jamuna TV – নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কালবেলা – নয়াপল্টনে শ্রমিক সমাবেশ মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল
- Rtv – ঢাকায় ‘প্রধানমন্ত্রী’ তারেক রহমানের প্রথম জনসভা, নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল
- PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয় – Facebook Post
- BSS News – নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- Prothom Alo – প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান, নেতা–কর্মীদের উচ্ছ্বাস

