তারেক রহমান ও জাইমা রহমানকে জড়িয়ে বাংলাদেশ টাইমসের সম্পাদিত ফটোকার্ড প্রচার

গেল জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানের ছবি সংযুক্ত করে ‘জাইমার স্বামী খোঁজার প্রতিযোগিতার ফাইনালে তারেক রহমান ও জাইমা রহমান’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জাইমার স্বামী খোঁজার প্রতিযোগিতার ফাইনালে তারেক রহমান ও জাইমা রহমান’ শিরোনামে বাংলাদেশ টাইমস কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, বাংলাদেশ টাইমসের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২৪ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে গত ২৪ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে গত ২৪ জানুয়ারি ‘শিশুদের নিয়ে আছে আলাদা পরিকল্পনা, গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা : তারেক রহমান’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। বাংলাদেশ টাইমসের মূল ফটোকার্ডটিতে ‘শিশুদের নিয়ে আছে আলাদা পরিকল্পনা, গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা : তারেক রহমান’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘জাইমার স্বামী খোঁজার প্রতিযোগিতার ফাইনালে তারেক রহমান ও জাইমা রহমান’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, বাংলাদেশ টাইমসের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘জাইমার স্বামী খোঁজার প্রতিযোগিতার ফাইনালে তারেক রহমান ও জাইমা রহমান’ শিরোনামে বাংলাদেশ টাইমসের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসুত্র
- Rumor Scanner’s analysis
- Bangladesh Times- Facebook Post

