সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার এনসিপি’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহকে চুমু দেওয়ার ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে এনসিপি নেত্রী তাসনিম জারার চুমু দেওয়ার ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় আলোচিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাসনিম জারার ওঠা এবং চুমু দেওয়া পর্যন্ত তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহর অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক অবস্থাতেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এছাড়াও, তাসনিম জারা ও হাসনাত আবদুল্লাহর পেছনে থাকা ব্যানারের অক্ষর বিকৃত হতে দেখা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।
অনুসন্ধানে ‘ফোকাস নিউজ ০২’ নামের একটি ইউটিউব চ্যানেল গত ২৬ নভেম্বরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একদম শুরুর দিকের অংশ ও পারিপার্শ্বিক অবস্থার মিল পাওয়া যায়।

এছাড়াও, গত নভেম্বরে একইরকম অবস্থায় হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারার আরো একাধিক ভিডিও পাওয়া যায় তবে কোনোটাতেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মতো চুমু দিতে দেখা যায়নি।
পাশাপাশি, মূলধারার গণমাধ্যম ‘আজকের পত্রিকা’র ইউটিউব চ্যানেলেও গত ১২ নভেম্বরে ‘ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স—নতুন স্বাস্থ্য সংগঠনের আত্মপ্রকাশ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহর অবস্থান ও তাদের পেছনে থাকা ব্যানারের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর শুরুতে প্রদর্শিত তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহর অবস্থান ও তাদের পেছনে থাকা ব্যানারের মিল পাওয়া যায়। প্রসঙ্গত, গত ১২ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্বাস্থ্য পেশাজীবীদের নিয়ে গঠিত সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ) আত্মপ্রকাশ করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবীর অডিটোরিয়ামে উক্ত সংগঠনের আত্মপ্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসনিম জারা ও হাসনাত আবদুল্লাহ।
এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই ও ডিপফেক কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ডিপফেক ও মিটার’ এ আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করলে এটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। প্ল্যাটফর্মটির ‘AVSRDD’ ডিটেক্টরের বিশ্লেষণমতে ভিডিওটি ভুয়া বা এআই তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। এছাড়াও, এআই কনটেন্ট শনাক্তকারী আরেক প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ এ আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করলে এটি এআই দিয়ে তৈরি কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৯৯.৭ শতাংশ বলে জানা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি গত ১২ নভেম্বরে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ) এর আত্মপ্রকাশের অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারার দৃশ্যের প্রেক্ষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
সুতরাং, এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ভিডিওকে হাসনাত আবদুল্লাহকে তাসনিম জারার চুমু দেওয়ার আসল দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Focus News 02 – Youtube Post
- Mr. Farhan Wave – Facebook Post
- Ajker Patrika – ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স—নতুন স্বাস্থ্য সংগঠনের আত্মপ্রকাশ
- Hive Moderation
- DeepFake-O-Meter
- Rumor Scanner’s analysis


