সম্প্রতি, “সেনাবাহিনীর অভিযানে এনসিপির সমন্বয়ক তাসনিম জারার বাড়ি থেকে ১৬ কোটি টাকা উদ্ধার” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১ লাখ ৩৭ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার বাসা থেকে টাকা উদ্ধারের মতো কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি পুরোনো ছবি ও ভিডিওকে যুক্ত করে আলোচিত দাবির ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিও যাচাই ১
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম এখন টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ নভেম্বর ‘যৌথবাহিনীর অভিযানের ধরা পড়ছে একের পর এক অস্ত্র ও মাদক কারবারি’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৪ সালের ৪ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গাজীপুরের টঙ্গী এলাকার বিভিন্ন বস্তি ও আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ ৭৪ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
ভিডিও যাচাই ২
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ নভেম্বর ‘সেনাদের অভিযানে ধরা একের পর এক মাদক ও অস্ত্র কারবারি’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

ছবি যাচাই ১
এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল২৪ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১ নভেম্বর ‘চোরাই চিনিসহ বিপুল টাকা জব্দ, আটক ৪’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সাথে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ৩১ অক্টোবর (২০২৪) হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজারের একটি বাসা থেকে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করে যৌথবাহিনী। এ সময় নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা জব্দ করা হয়। আটক করা হয় চার পাচারকারীকে।
ছবি যাচাই ২
বাংলাভিশনের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ‘যৌথ অভিযানে দুই বাসা থেকে কয়েক বস্তা টাকাসহ গ্রেফতার ৩’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকা থেকে কয়েক বস্তা ভর্তি টাকাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। অভিযানের দুদিন পর পুলিশ জানায় বস্তাভর্তি টাকার মধ্যে নগদ পাওয়া গেছে ১ কোটি ১৬ লাখ টাকা। সেই সঙ্গে বিপুল পরিমান বিদেশী টাকাও জব্দ করা হয়েছে।
এছাড়া, আলোচিত দাবির ভিডিওতে আরও বেশ কিছু অপ্রাসঙ্গিক ছবি ও ফুটেজ ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, তাসনিম জারার মতো ব্যক্তির বাসা থেকে ১৬ কোটি টাকা উদ্ধার হলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। কিন্তু মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এমন তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, তাসনিম জারার বাসা থেকে ১৬ কোটি টাকা উদ্ধারের দাবিতে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Ekhon TV – যৌথবাহিনীর অভিযানের ধরা পড়ছে একের পর এক অস্ত্র ও মাদক কারবারি
- Jamuna TV – সেনাদের অভিযানে ধরা একের পর এক মাদক ও অস্ত্র কারবারি
- Channel 24 – চোরাই চিনিসহ বিপুল টাকা জব্দ, আটক ৪
- Bangla Vision – যৌথ অভিযানে দুই বাসা থেকে কয়েক বস্তা টাকাসহ গ্রেফতার ৩


