জামায়াতকে ভোট না দেওয়ার নির্দেশনা দিয়ে তাসনিম জারা কোনো মন্তব্য করেননি 

সম্প্রতি আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার বক্তব্য দাবিতে ‘জামায়াতকে ভোট না দেওয়ার জন্য নির্দেশ দিলেন – তাসনিম জারা’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার নির্দেশনা দিয়ে তাসনিম জারা কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানে ‘My Bangla.tv’ নামক ফেসবুক পেজে গত ২০ জানুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, উক্ত ফটোকার্ড থেকেই আলোচিত দাবিটির সূত্রপাত হয়েছে।

‘My Bangla.tv’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়, তারা সমসাময়িক সংবাদগুলোকে সার্কাজম আকারে প্রকাশ করে থাকে৷

My Bangla.tv এর উল্লেখিত ফটোকার্ড পোস্টের মন্তব্যের ঘরে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে যুক্ত করা হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘janunatv.blogspot.com’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। এই সাইটে ‘জামায়াতকে ভোট না দেওয়ার জন্য আদেশ দিলেন – তাসনিম জারা’ শীর্ষক শিরোনামে কথিত দাবির বিষয়ে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে এবং এর প্রকাশকাল হিসেবে ২০ জানুয়ারি উল্লেখ করা হয়েছে। উক্ত প্রতিবেদনে ‘বিস্তারিত পড়ুন’ অংশে ক্লিক করলে এটি বিভিন্ন জুয়ার সাইটে প্রবেশ করে। অর্থাৎ, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই সাইটটিতে কথিত প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

তাসনিম জারা এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক পেজফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, তাসনিম জারা আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: