তাজুল ইসলামের নামে শেখ হাসিনার রায় নিয়ে ভুয়া বক্তব্য প্রচার

সম্প্রতি, ‘হাসিনাকে আমি ফাঁ/সি/র রায় দিতে চাইনি ইউনুস জোর করে রায় পরিয়েছে’ শীর্ষক দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলামের ছবিযুক্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এমন কোনো মন্তব্য করেননি এবং ড. মুহাম্মদ ইউনূসও এমন কোনো নির্দেশ দেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এছাড়া, তথ্যটি কোনো নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রমাণও পাওয়া যায়নি। তাজুল ইসলামের মতো আলোচিত ব্যক্তিত্ব এমন মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই মূলধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতো। কিন্তু এই বিষয়ে কোনো সংবাদ বা প্রতিবেদন পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের ১৭ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগ ফাঁসির রায় দিয়েছেন।

সুতারাং, তাজুল ইসলামের নামে প্রচারিত আলোচিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis 
Share: