জান্নাতের নামে বলাৎকারের অভিযোগে জামায়াত নেতা আটক দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘জান্নাতে যাবার কথা বলে মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, জামায়াত নেতা আটক’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জান্নাতে যাবার কথা বলে মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, জামায়াত নেতা আটক’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং ফটোকার্ডে যুক্ত ছবিতে থাকা আটককৃত ব্যক্তিও জামায়াত নেতা নন। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৩ নভেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।

অর্থাৎ, আমার দেশ এর ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ছবি যাচাই

আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির বিষয়ে অনুসন্ধানে ডেইলি স্টার এর ওয়েবসাইটে গত ১৪ সেপ্টেম্বর ‘মুন্সিগঞ্জে শিশু বলাৎকার অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে।

প্রতিবেদনটি থেকে জানা যায়, নোমান আহাম্মেদ নামের একজন মাদ্রাসা শিক্ষক সাত বছরের শিশুকে বলাৎকার করে। এই অভিযোগের প্রেক্ষিতে গজারিয়া থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়। উক্ত প্রতিবেদনের কোথাও অভিযুক্ত ব্যক্তি জামায়াত নেতা- এমন কোনো দাবি করা হয়নি।

এছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতারাং, জান্নাতের নামে বলাৎকারের অভিযোগে জামায়াত নেতা আটক দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: