গত ১২ নভেম্বর রাতে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে আগুন ৪০ জন নিহত,, আহত ৫০ জনেরও বেশি’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ১২ নভেম্বর রাতে তেজগাঁও রেলস্টেশনে থেমে থাকা একটি ট্রেনের বগিতে আগুনের দৃশ্যের হলেও উক্ত ঘটনায় ৪০ জন নিহত হওয়ার দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘মাছরাঙা টিভি’র ফেসবুক পেজে গত ১২ নভেম্বরে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে মাছরাঙা টিভি’র লোগোরও সংযুক্তি পাওয়া যায় যা থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি মূলত মাছরাঙা টিভি’তে প্রচারিত উক্ত ভিডিও থেকে নেওয়া হয়েছে। ভিডিওর বিষয়ে ক্যাপশনে বলা হয়, ‘তেজগাঁও রেলস্টেশনে থেমে থাকা ট্রেনে আ/গু/ন’।

এছাড়াও, তেজগাঁও রেলস্টেশনে থাকা ট্রেনের আগুনের দৃশ্য দাবিতে আলোচিত ভিডিওটি আরো একাধিক গণমাধ্যমেও প্রচার হতে দেখা যায়।
পরবর্তী এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো, দ্যা ডেইলি স্টার, অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪সহ একাধিক মূলধারার গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। প্রতিবেদনের তথ্যমতে, ঢাকার তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে গত ১২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়াও, ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেনের বরাতে প্রথম আলো’র প্রতিবেদনে বলা হয়, যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি পরিত্যক্ত। এটি রেলস্টেশনে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে রেলওয়ের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চেও কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ঘটনায় কোনো হতাহতের উল্লেখ পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগুন লাগা বগিটি পরিত্যক্ত ছিল। তাই সেখানে কেউ ছিল না, ফলে ওই আগুনে কারো মৃত্যুর দাবি বাস্তবসম্মত নয়।
সুতরাং, তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে আগুনে ৪০ জন নিহত হওয়ার দাবি মিথ্যা।
তথ্যসূত্র
- Maasranga News – তেজগাঁও রেলস্টেশনে থেমে থাকা ট্রেনে আ/গু/ন
- Prothom Alo – তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, দুজন আটক
- The Daily Star – তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন, আটক ২
- Bdnews24 – তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনে আগুন
- Rumor Scanner’s analysis


