ঈদের মার্কেট শেষে ফেরার পথে হত্যা–গণধর্ষণ দাবি, ভিডিওটি পুরোনো

সম্প্রতি, “এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে বাবা-মেয়ে ঈদের মার্কেট করে ফেরার পথে, বাবাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে দিয়ে, মেয়েকে গণধর্ষণ করলো দুর্বৃত্তরা। পরে পুলিশ এবং এলাকাবাসী এসে উদ্ধার করে।” শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঠাকুরগাঁওয়ে বাবা-মেয়ে ঈদের শপিং করে ফেরার পথে দুর্বৃত্তরা বাবাকে হত্যা করে মেয়েকে গণধর্ষণের কোনো ঘটনা ঘটেনি।প্রকৃতপক্ষে, গত ২০২৫ সালের আগস্ট মাসে রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যুর পর নিহতের মেয়ের আহাজারি ও পুলিশের কাছে অভিযোগ জানানোর একটি পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে ‘Md Titun Sarker Ok’ নামক একটি টিকটক অ্যাকাউন্ট থেকে গত বছরের ১০ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে আহাজারি করা নারী, নারীর পোশাক এবং পুলিশ সদস্যের সাথে আলোচিত ভিডিওতে থাকা নারী নারীর পোশাক এবং পুলিশ সদস্যের মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, রংপুরের তারাগঞ্জ থানার বুড়িরহাট বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণহানি। আজ বুড়িরহাট বাজারে চোর সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রূপলাল, তার বাড়ি ঘনিরামপুর মেডিকেল মোড় এলাকায়। গুরুতর আহত প্রদীপের বাড়ি মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছরান বালুয়া এলাকায়। নিহত রূপলালের মেয়ে জানান, এ ঘটনার শিকার তার বাবা নির্দোষ ছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এছাড়া, ভিডিওতে নারীকে বলতে শোনা যায়, তার নাম নূপুর। প্রদীপ তার বোন জামাই। বাবার নাম বলেন- রূপলাল।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইট গত বছরের ১০ আগস্ট “স্বজন রাস্তা না চেনায় গেলেন এগিয়ে আনতে, পথে দুজনকেই পিটিয়ে হত্যা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৯ আগস্ট রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্যানচোর সন্দেহে পিটিয়ে দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন– উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার বাসিন্দা রুপলাল দাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫)।

তখন একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল- ডেইলি স্টার, বিবিসি বাংলা, ডয়চে ভেলে, যুগান্তরসহ জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, গত বছরের আগস্ট মাসের ভিন্ন ঘটনার ভিডিওকে ঠাকুরগাঁওয়ে বাবা-মেয়ে ঈদের শপিং শেষে ফেরার পথে হত্যা ও গণধর্ষণের শিকার হয়েছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: