সেনাবাহিনী কর্তৃক নাহিদ ইসলামের অ্যাকাউন্ট থেকে ৩০০ কোটি টাকা জব্দের দাবিটি মিথ্যা

গত ২৫ ফেব্রয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগ পরবর্তী গত ২৬ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে তার ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদের বিবরণী প্রকাশ করেন।

সম্প্রতি, নাহিদের অ্যাকাউন্ট থেকে ৩০০ কোটি টাকা জব্দ করলো সেনাবাহিনী শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত থাম্বনেইল দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মো. নাহিদ ইসলামের অ্যাকাউন্ট থেকে ৩০০ কোটি টাকা জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সত্য নয় বরং কোনোপ্রকার তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

আলোচিত দাবির ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে শুরুতেই একজন উপস্থাপিকার ফুটেজ দেখতে পাওয়া যায়। উপস্থাপিকাকে বলতে শোনা যায়, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ইসলাম। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নিজের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন তিনি কিন্তু কত টাকা আছে নাহিদের অ্যাকাউন্টে?

এরপর ভয়েসওভারে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, সম্প্রতি এক চমকপ্রদ তথ্য প্রকাশিত হয়েছে। পদত্যাগ করা ডাক ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা জব্দ করেছে সেনাবাহিনী।

ভিডিওতে নাহিদ ইসলামের অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা জব্দ করেছে দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ উল্লেখ করা হয়নি।

দাবির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ভিডিওটির থাম্বনেইলে নাহিদ ইসলাম গ্রেফতার হয়েছেন দাবিতে একটি ছবি প্রচার করা হয়েছে।

উক্ত ছবির বিষয়ে জানতে ছবিটি রিভার্স ইমজে সার্চ করে সময় টিভির ওয়েবসাইটে ২০২৪ সালের ১০ ডিসেম্বর ‘ফেনীতে ভুয়া সেনা সদস্য আটক’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ফিচার ইমেজের সাথে আলোচিত ছবির মিল পাওয়া যায়। উক্ত ছবিতে গ্রেফতারকৃত ব্যক্তির মুখমণ্ডল ও সামনে থাক টাকা সদৃশ বস্তু ব্যতীত ছবির বাকি অংশের হুবহু মিল রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ফেনীর মহিপাল সার্কিট হাউজ রোড এলাকা থেকে মো. নাজমুল হাসান (২৫) নামের এক ভুয়া সেনা সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার (২০২৪ সালের ৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহিপাল এলাকা থেকে তাকে আটক করে।

অর্থাৎ, আলোচিত ছবিতে গ্রেফতারকৃত ভুয়া সেনা সদস্যের মুখমণ্ডলের স্থলে নাহিদ সলামের মুখমণ্ডল (বা নাহিদ ইসলামের মূখমণ্ডলের আদলের ছবি) বসানো হয়েছে।

সুতরাং, মো. নাহিদ ইসলামের অ্যাকাউন্ট থেকে ৩০০ কোটি টাকা জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: