বৈরী আবহাওয়ায় গতকাল এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে পরীক্ষার্থীদের বক্তব্য দেওয়ার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, অটোপাশের দাবিতে আন্দোলন করছে তারা।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের আগস্টে সে বছরের এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের ভিডিও।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম দেশ টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২০ আগস্ট প্রচারিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর ক্যাপশন সূত্রে জানা যায়, সে সময় অটোপাশের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছিল এইচএসসি শিক্ষার্থীরা। এটি সেই ঘটনার ভিডিও৷

জাতীয় দৈনিক ইত্তেফাক এর ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আর দিতে চায় না পরীক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান, ইতিমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক।
২০ আগস্ট দুপুরে তারা মিছিল নিয়ে কয়েকশো শিক্ষার্থী সচিবালয়ের ৫ নম্বর ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। এসময় একটি রিকশায় মাইক বেঁধে নিয়ে এসেছেন। তাতে বিভিন্ন রকম দাবি দাওয়ার কথা জানাচ্ছেন।
অর্থাৎ, এটা নিশ্চিত যে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাশ চেয়ে আন্দোলন দাবিতে ২০২৪ সালের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।


